1. admin@news24hour.net : admin :
স্ত্রীকে হত্যার পর কল করে লাশ নিয়ে যেতে বলা সেই যুবক গ্রেফতার - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

স্ত্রীকে হত্যার পর কল করে লাশ নিয়ে যেতে বলা সেই যুবক গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাভারের হেমায়েতপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পুলিশকে লাশ নিয়ে যেতে বলা স্বামী সাজ্জাদ হোসেন মানিককে (২১) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার দুপচাঁচিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার রাত ২টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর উপপরিচালক মেজর জালিস মাহমুদ খান।

গ্রেফতার হওয়া সাজ্জাদ নওগাঁ জেলা সদরের আক্কাস আলী মোল্লার ছেলে। তিনি হত্যার উদ্দেশ্যে নওগাঁ থেকে বেড়ানোর কথা বলে স্ত্রীকে সাভারে নিয়ে আসেন। নিহত স্ত্রীর নাম রুমানা আক্তার (১৮)। তিনি রংপুর জেলার পীরগাছা থানার সোনারায় গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

র‌্যাব জানায়, রোমানার সঙ্গে সাজ্জাদের মোবাইলের মাধ্যমে পরিচয়। পরে উভয় পরিবারের সম্মতিতে গত বছরের ৩০ জুলাই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে রোমানা তার স্বামীর সঙ্গে নওগাঁর শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। তবে এ দম্পতির মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এর জেরে সাজ্জাদ স্ত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক বার সালিশও হয়েছে।

গত ১০ এপ্রিল সাজ্জাদ স্ত্রী রোমানাকে নিয়ে হেমায়েতপুরের বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে রোমানার বাবা জানতে পারেন তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে রোমানার বাবা ঘটনাস্থলে এসে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে লাশ উদ্ধার করতে বলে পালিয়ে যায় সাজ্জাদ।

এ ঘটনায় শুক্রবার রোমানার বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-৪। পরে শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৪ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর উপপরিচালক মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park