1. admin@news24hour.net : admin :
ছুটি শেষ করে রাজধানীমুখী কর্মজীবী মানুষেরা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ছুটি শেষ করে রাজধানীমুখী কর্মজীবী মানুষেরা

  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঘোষিত ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার থেকে খুলছে সব সরকারি ও বেসরকারি অফিস। ছুটির শেষ দিনে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সকাল থেকেই রেল ও সড়কপথে রাজধানীমুখী যাত্রীচাপ বাড়তে দেখা গেছে।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে জানা গেছে, ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন একের পর এক ঢাকায় পৌঁছাচ্ছে। অধিকাংশ ট্রেন সময়মতো এসেছে। বাইরে থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীসংখ্যা বেশি থাকলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তুলনামূলক কম ভিড় দেখা গেছে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকামুখী বেশির ভাগ ট্রেনেই যাত্রী উপস্থিতি বেশি। তার ধারণা, দুপুরের পর থেকে রাজধানীতে ফেরার চাপ আরও বাড়বে এবং তা রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সড়কপথেও একই চিত্র দেখা গেছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনালে বিভিন্ন জেলা থেকে যাত্রীসহ বাস প্রবেশ করছে। পরিবহণ সংশ্লিষ্টরা জানান, ঢাকামুখী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে দক্ষিণাঞ্চল থেকেও লঞ্চযোগে ঢাকায় ফিরছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, আজ ও আগামীকাল নৌপথেও যাত্রীচাপ অব্যাহত থাকবে।

আজ ছুটির দিন হওয়ায় রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। তবে রোববার অফিস-আদালত খুললে ব্যস্ত নগরী আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরবে।

নির্বাচন উপলক্ষে আরোপিত যানবাহন চলাচলের বিধিনিষেধ আজ থেকে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। গণপরিবহণ স্বাভাবিক রয়েছে, মোটরসাইকেল চলাচলেও আর কোনো নিষেধাজ্ঞা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park