1. admin@news24hour.net : admin :
দুই ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

দুই ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার কোটি টাকার বেশি ব্যয় করলেও দুই ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেছে মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক, হালিশহর, ঈদগাহসহ শহরের নিচু এলাকাগুলো। মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে এ জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে স্কুল শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সড়কে বাস, সিএনজিসহ যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রিকশায় দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করছেন চালকরা।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেছেন, প্রবর্তক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। চলমান উন্নয়ন কাজের কারণে পানি চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকায় পানি জমলেও তা ধীরে ধীরে সরে যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে প্রবর্তক মোড়ে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

নাজমুল নামে এক চাকরিজীবী জানান, প্রবর্তক এলাকায় পানির কারণে হাঁটা যাচ্ছে না। এই সুযোগে রিকশাচালকরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। ৩০ টাকার ভাড়া এখন ৫০ থেকে ৬০ টাকা গুনতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park