1. admin@news24hour.net : admin :
অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক মুকুলের ‘মনামী’ - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

অমর একুশে বইমেলায় আসছে কথাসাহিত্যিক মুকুলের ‘মনামী’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

অমর একুশে বইমেলা-২০২৬ এ আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুল-এর রোমান্টিক প্যারাসাইকোলজি উপন্যাস ‘মনামী’।

ফরাসি ভাষায় ‘মন আমি’ অর্থ আমার বন্ধু। সেই বন্ধুত্ব এবং নানান সম্পর্কের ভালোবাসা ও টানাপড়েন এই উপন্যাসের উপজীব্য। বাংলাদেশ ও এর গণ্ডি পেরিয়ে আফ্রিকার নাইরোবির ছুটে চলা জীবন, শূণ্যতা, ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনের নানান দৃষ্টিভঙ্গি উঠে এসেছে উপন্যাসের পাতায় পাতায়।

এর প্রচ্ছদের সারসংক্ষেপে রয়েছে ‘মনামী’র কথন। যেখানে জুরি নামের এক মেয়েকে কেন্দ্র করে এগিয়ে যায় গল্প। কাহিনীতে টুইস্ট আনে জেলখানায় থাকা মনামী চরিত্র। সত্যি কি মনামী খুনের সাথে জড়িয়ে গেছে-এমন অসংখ্য প্রশ্নের উত্তর জানান দেবে নতুন উপন্যাসটি।

উপন্যাসের প্রচ্ছদে সারসংক্ষেপ লেখা রয়েছে— আধো আলোতে জুরির মুখটা দেখলাম। শিশুর মতো ঘুমাচ্ছে। ঘুমন্ত মানুষকে জেগে থাকা মানুষের চেয়ে বেশি সুন্দর লাগে। দিনমান শ্রান্ত ক্লান্ত দেহ যখন স্বস্তির ঘুমের অতলে হারিয়ে যায়, শরীর তখন জেগে ওঠে নতুন এক প্রাঞ্জল রুপে। ক্লান্তিকে ঝেড়ে ফেলে লাবন্য গ্রাস করে ঘুমন্ত মানুষের চোখে মুখে। জুরিকে অদ্ভুত সুন্দর লাগছে। যেন আফ্রিকান রাজকন্যা শিকারে এসে তাঁবুতে ঘুমিয়ে পড়েছে, আমি তার রাজকুমার। ঘড়ির দিকে তাকালাম। রেডিয়ামের ঠিকরে পড়া আলোতে দেখে নিলাম রাত সাড়ে ৪টা। নিঃস্তব্ধ প্রকৃতি, হালকা শীতের আমেজ, মৃদুমন্দ বাতাসে তাঁবুর দরোজার পর্দা সরিয়ে সামনে দাঁড়ালাম। জোছনা রাতের ঝলমলে আকাশ। ছড়ানো ছিটানো এত তারা একসঙ্গে হয়তো দেখা হয়নি একজীবনে। চারপাশে তুমুল নিস্তব্ধতা। শিরশির বাতাসে হালকা শীত করছিল। যতো দূরে দেখা যায় সবুজ বনে চাঁদের আলোর প্রতিফলন। হালকা বাতাসে নেচে নেচে গাইছে বৃক্ষলতা। এই গভীর নিস্তব্ধতায় শুধু মনে হলো- আমি কে? কি আমার পরিচয়। কোথা থেকে এখানে এলাম। কোথায় আমার গন্তব্য! ভাবনার শেষ নেই। অন্ত নেই এই আকাশের উদারতার, দূর থেকে গেয়ে ওঠা নিশুতি পাখির, তুমুল আক্রোশ বা আবেগে ডেকে ওঠা বুনো প্রাণীর। এই বিশাল প্রকৃতি, এই এত সব বৃক্ষরাজির বিশালতার মাঝে নিজেকে ক্ষুদ্র, নগণ্য মনে হলো। জুরির সাথে থেকে যাবো? নাকি ফিরে যাবো নিজ ঠিকানায়। রোকেয়া খাতুনের কথা মনে পড়ল। মনামী। জেলখানায় কেমন আছে মেয়েটা? আসলেই কি ও খুনের সাথে জড়িয়ে গেছে? কত প্রশ্ন মনে- উত্তর জানা নেই।

উল্লেখ্য, উপন্যাসটি প্রকাশ করেছে দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন স্বনামধন্য শিল্পী ধ্রুব এষ। বইটি অমর একুশে বইমেলাসহ রকমারি ডটকম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park