সামাজিক মাধ্যম থেকে জাতীয় সংসদ– সর্বত্র আলোচনা-সমালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটিতে জায়গা পাওয়া এমপি-মন্ত্রীর তিন পুত্র ও একজন স্ত্রী। প্রশ্ন উঠেছে, ক্ষমতাসীন দলের নেতার সন্তান হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন। জাতীয় সংসদে আলোচনায় বিষয়টিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন একজন সদস্য।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঘোষিত ১১ সদস্যের কমিটিতে থাকা রাজনৈতিক (বিএনপি) পরিবারের চার সদস্য হলেন– মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, সালাহউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু এবং ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম।
এই চারজনের মধ্যে তিনজন আগে থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত। ক্লাব ক্যাটেগরি থেকে বিসিবির কাউন্সিলর। গত বছর ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে বিএনপি সমর্থিত তামিম ইকবালের প্যানেল থেকে পরিচালক প্রার্থী ছিলেন। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ও আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ এনে প্রতিবাদস্বরূপ তামিমের সঙ্গে তারাও নির্বাচন বর্জন করেছিলেন।
তামিম ইকবালের কমিটিতে তিন বিএনপি নেতার ছেলেদের মনোনীত করার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন সদ্য সাবেক পরিচালক আসিফ আকবর। সাবেক সভাপতি ফারুক আহমেদকে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে সাড়া দেননি। আমিনুল ইসলাম বুলবুলের কমিটির কেউই কথা বলতে রাজি হননি। তবে একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা প্রতিক্রিয়া দেব না। আমরা ভেতরে ভেতরে কাজ করছি।’ কী ধরনের কাজ করছেন– জানতে চাওয়া হলে কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
বিসিবির কাউন্সিলর তালিকায় মির্জা ইয়াসির আব্বাস (মির্জা আব্বাস এমপি) আজাদ স্পোর্টিং, সাঈদ ইব্রাহিম আহমেদ (সালাহউদ্দিন আহমেদ এমপি) ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ও ইসরাফিল খসরু (আমির খসরু এমপি) এক্সিম ক্রিকেটার্সের কাউন্সিলর। ক্রিকেট বোর্ডের বৈধ কাউন্সিলর হওয়ায় অ্যাডহক কমিটিতে তাদের সদস্য করা হয়েছে বলে জানান এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
সমকালকে তিনি বলেন, ‘যারা সদস্য মনোনীত হয়েছেন, তাদের সকলেই গুরুত্বপূর্ণ। যে চারজনের কথা বলা হচ্ছে, তাদের তিনজন আগে থেকে ক্লাব ক্যাটেরিতে ক্রিকেটে আছেন। বিসিবির বৈধ কাউন্সিল তালিকা থেকে ওই তিনজনকে বেছে নেওয়া হয়েছে। একমাত্র নারী সদস্য এনএসসি কোটায় মনোনীত।’ তিনি মনে করেন, অ্যাডহক কমিটির ১১ জনের কেউই পারিবারিক কোটায় মনোনীত হননি। নারী সদস্য রাশনা ইমাম হলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। নারী কোটায় মনোনীত করা হয়েছে তাঁকে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে, ‘অ্যাডহক কমিটি ৯০ দিন থাকতে পারে। এই সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধন ও কাউন্সিলর চূড়ান্ত করে নির্বাচন সম্পন্ন করতে হবে। কম সময়ে অনেক কাজ করতে হবে তামিম ইকবালের কমিটিকে। আমার মনে হয়, বিতর্ক সৃষ্টি না করে সংস্কার ও নির্বাচনের ফোকাস করলে ভালো। বিএনপি এমপি-মন্ত্রীদের সন্তান হিসেবে যাদের কথা বলা হচ্ছে, তারা তো আগে থেকে ক্রিকেটে ছিল। ক্লাবের কাউন্সিলর হিসেবে বিসিবির নির্বাচনেও ছিল। এই ছেলেগুলোকে অ্যাডহক কমিটিতে রাখা নিয়ে যে বিতর্ক হচ্ছে, তা হওয়া উচিত না।’
মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরুকে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হয়েছিল। ইসরাফিল খসরু ফোন ধরলেও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান মনে করেন, একমাত্র নারী সদস্য ছাড়া অ্যাডহক কমিটিতে বাকি ১০ জন ক্রিকেট-সংশ্লিষ্ট। তাঁর মতে, ‘নেতার ছেলে হলে যে ক্রিকেট সংগঠক হওয়া যাবে না, তা তো না। তারা তো ক্রিকেটের কাউন্সিলর। ক্রিকেটের লোক হিসেবেই তো এনএসসি মনোনীত করেছে। এই ছেলেগুলোকে দিয়ে ভালো কিছুও তো হতে পারে।’
Leave a Reply