1. admin@news24hour.net : admin :
গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের বাসন থানার আধেপাশা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ইন্টারপ্যাক লিমিটেড প্যাকেজিং নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোগড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কাটন তৈরি করা হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতরে থাকা কাগজে ছড়িয়ে পড়ে। সেখান থেকে পুরো কারখানাতেই আগুন ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

আগুনে কারখানাটির তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, কারখানাটিতে বিপুল পরিমাণ তৈরিকৃত মাল ছিল, যা বুধবার ডেলিভারি দেওয়ার কথা ছিল। এছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park