চাটখিল প্রতিনিধি: ডা. তিথি আজিজের বিরুদ্ধে প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ, তিন লাখ টাকায় ধামাচাপার দাবি নোয়াখালীর চাটখিল উপজেলায় ফের ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, চাটখিল শিশু-কিশোর অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে চাটখিল উপজেলার পুরুষত্তমপুর ঘোসের বাড়ির বাসিন্দা মো. দুলালের স্ত্রী নিশি আক্তার (২৭)-এর তৃতীয় সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনটি পরিচালনা করেন হাসপাতালের চিকিৎসক ডা. তিথি আজিজ।
অভিযোগে বলা হয়, অপারেশনের পরপরই নিশি আক্তারের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে তাকে নোয়াখালী সদর এলাকার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের দাবি, অপারেশনে গুরুতর ত্রুটি ও চরম অবহেলার কারণেই নিশি আক্তারের প্রাণহানি ঘটেছে। তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন লক্ষ টাকা প্রদান করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
স্থানীয়দের অভিযোগ, চিকিৎসক ডা. তিথি আজিজের বিরুদ্ধে এর আগেও একাধিকবার ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবারই প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ঘটনাগুলো আড়াল করা হয়েছে বলে দাবি করেন তারা।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল দ্রুত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্য বিভাগের কঠোর নজরদারি ও পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসক ডা. তিথি আজিজের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply