নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা শাহী বাজার আমতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে মো. মানিক মিয়া (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক মিয়া বগুড়ার শান্তাহার উপজেলার মালশোন গ্রামের মোজাফফর প্রধানের ছেলে । বর্তমানে ফতুল্লা এলাকায় ভাড়ায় থাকতেন। আজ দুর্ঘটনার পর বেলা আড়াইটা নাগাদ তাঁকে মুমূর্ষ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
নিহতের ছেলে বাপ্পী বলেন, ‘আমার বাবা রাজমিস্ত্রীর কাজ করতেন। আজ দুপুরের দিকে পাগলা শাহী বাজার, আমতলা এলাকার ছয় তলা ভবনে একটি জানালার কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে রাজমিস্ত্রি মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
Leave a Reply