নিউজ24আওয়ার ডেস্ক : নোয়াখালী জেলাকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জেলা জামে মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে অবরোধ কর্মসূচি পালন করে শেষ হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন,হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাত, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জাস্টিস ফর জুলাইয়ের সদস্য সচিব ইয়াসির আরাফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষারসহ প্রমুখ।এসময় হাজার হাজার আন্দোলনকারী এতে অংশ গ্রহণ করে। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা শহর মাইজদিতে এক ঘণ্টার অবরোধ কর্মসূচির কারণে নোয়াখালী–কুমিল্লা, নোয়াখালী–ফেনী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধের ফলে ওই সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
এ সময় বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীতে প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এই দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক। নোয়াখালী শুধুমাত্র একটি জেলা নয়, এটি একটি ঐতিহ্যবাহী জনপদ। যা প্রশাসনিক, অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে অনেক আগেই বিভাগ হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে। নোয়াখালী বিভাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাষ্ট্র যদি আঞ্চলিক স্বার্থে এর ভাষা বোঝে তবে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন খুব বেশি অসম্ভব নয়।
Leave a Reply