1. admin@news24hour.net : admin :
পিছিয়ে গেল জয়া আহসানের সিনেমা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

পিছিয়ে গেল জয়া আহসানের সিনেমা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তির তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। অর্থাৎ চলতি মাসের ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, হল সংক্রান্ত জটিলতায় বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনার নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছে। এছাড়া সামনে শুরু হবে পূজার আমেজ। সেই উৎসবে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। নির্মাতা রিয়েল লোকেশনে শুটিং করে সিনেমাটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন।

বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। ব্যক্তিগত কিছু কাজ সেরে এই সপ্তাহেই ঢাকায় ফিরবেন তিনি। দেশে ফিরে নতুন সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কথাও জানিয়েছেন এই তারকা।

জয়ার ভাষ্য, ‘আমাদের দেশের সুবিধা-বঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদের একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে। এখন দেশে মুক্তির পালা।’

নির্মাণের পর থেকেই ‘ফেরেশতে’ ঘুরে বেড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয়েছিল ‘ফেরেশতে’।

অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, “আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে। প্রান্তিক মানুষের যে গল্প উচ্চবিত্ত সমাজ সহজে ভাবে না, সেই গল্প বলেছে সিনেমাটি। বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি, এবার আমাদের দেশের দর্শকরা হাততালি দেবেন বলে আশা করছি।”

প্রযোজনার দায়িত্বে ছিলেন সুমন ফারুক, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জয়া আহসান নিজেও। সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ।

জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park