1. admin@news24hour.net : admin :
প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত মো. সফিক (৩৮) মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করেন। কিন্তু সফিক বেতন দেয়নি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা খেয়ে সব টাকা খরচ করেছে। গত ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় তাদের পরিবার অনাহারে-অর্ধাহারে কাটাতে হয়েছে। এরপর তিনি স্বামীকে সফিকের কাজে যেতে বারণ করেন, যা নিয়ে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তিনি আরও জানান, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। পরে বেলা ১১টার দিকে সফিক তার ভগ্নিপতি নূর মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এ ছাড়া সফিক তার প্রজেক্টে ইয়াবার কারবার করতেন এবং তার স্বামীকে দিয়ে অবৈধ মাদক কারবারে জড়াতেন। আবার হিসেবে গরমিল হলে গালমন্দ করতেন।

এদিকে অভিযুক্ত যুবদল নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, খুকির পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার স্বামী আমার বোনের বসতঘরের দরজা খোলার চেষ্টা করেন, আমার মাছ চুরি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে খুকি ও তার স্বামী আমাকে আক্রমণ করে এবং আমার নাক ফাটিয়ে দেয়।

সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন বলেন, ভিডিওটি আমরা দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park