নিউজ24আওয়ার ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলি মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০০ বছর।
মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর খবর জানিয়েছে। মাহাথির নিজেও এক ফেসবুক পোস্টে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে তাদের সাত সন্তান রয়েছে। মৃত্যুর পর হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়ার সময় সিতি হাসমাহর কনিষ্ঠ ছেলে মুখরিজ মাহাথিরকে দেখা যায়।
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ও রানি রাজা জারিথ সোফিয়াহ সিতি হাসমাহর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়, প্রিয়জনকে হারানোর শোক সামলাতে তার পরিবার যেন শক্তি, ধৈর্য ও সহনশীলতা অর্জন করে—এই প্রার্থনা করেছেন তারা।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সিতি হাসমাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একটি অনুষ্ঠানে তিনি উপস্থিতদের তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।
পরবর্তীতে আনোয়ার জানান, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সরকারি প্রধান সচিব ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সহযোগিতায় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে। পুত্রজায়ার প্রেসিন্ট ২০-এর জাতীয় কবরস্থান পুসারা নেগারাওয়ানে বিকেল সাড়ে ৪টায় তাকে দাফন করা হবে।
সিতি হাসমাহ ১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ে জন্মগ্রহণ করেন। তিনি সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইয়ং লু লিন স্কুল অব মেডিসিনের পূর্বসূরি।
১৯৫৫ সালে পড়াশোনা শেষ করে তিনি মালয়ার প্রথমদিককার মালয় নারী চিকিৎসা কর্মকর্তাদের একজন হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী মাহাথির মোহাম্মদকে বিয়ে করেন।
গত ৫ আগস্ট এই দম্পতি তাদের ৭০তম বিবাহবার্ষিকী বা প্লাটিনাম বিবাহবার্ষিকী উদযাপন করেন।
Leave a Reply